ভ্যাট অব্যাহতি পেয়েও শর্ত মানেনি ইউনূসের গ্রামীণ ডিস্ট্রিবিউশন

0
শর্ত ভেঙে ভ্যাট অব্যাহতি সুবিধা নেওয়ার অভিযোগ ড. ইউনূসের গ্রামীণ ডিস্ট্রিবিউশনের বিরুদ্ধে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশে মোবাইল ফোন উৎপাদন উৎসাহিত করতে সরকারের দেওয়া ভ্যাট অব্যাহতি সুবিধার অপব্যবহারের অভিযোগ উঠেছে গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেডের (জিটিএল) বিরুদ্ধে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে যে, প্রতিষ্ঠানটি ব্যাটারি ও চার্জার উৎপাদনের বাধ্যতামূলক শর্ত পালন না করেই কয়েক বছর ধরে ভ্যাট সুবিধা ভোগ করে আসছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী স্মার্টফোনের পিসিবি, চার্জার ও ব্যাটারির অন্তত ৫০ শতাংশ নিজস্ব ইউনিটে উৎপাদনের শর্ত ছিল। কিন্তু সরেজমিন পরিদর্শনে গ্রামীণ ডিস্ট্রিবিউশনের কারখানায় এসব পণ্য উৎপাদনের কোনো প্রমাণ পায়নি কমিটি। বরং প্রতিষ্ঠানটি শর্ত লঙ্ঘন করে বিদেশ থেকে ব্যাটারি ও চার্জার আমদানি অব্যাহত রেখেছে। ২০০৯ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি বর্তমানে জিডিএল, জিটিই ও বেনকো নামে নিজস্ব সেট ছাড়াও লাভা ও ইনফিনিক্স ব্র্যান্ড বাজারজাত করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভ্যাট অব্যাহতির কারণে প্রতিষ্ঠানটির সাড়ে ৭ শতাংশ ভ্যাট দেওয়ার কথা ছিল না। তবে এই সুবিধার বিনিময়ে নিজস্ব সক্ষমতা তৈরির যে শর্ত ছিল, তা পরিপালনে তারা ব্যর্থ হয়েছে। এনবিআরের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভ্যাট অব্যাহতি দেওয়ার আগে প্রতিষ্ঠান পরিদর্শনে অস্পষ্টতা এবং সঠিক পর্যালোচনার অভাব ছিল, যা এখন এনবিআরের জন্য বিব্রতকর হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে গ্রামীণ ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক জহুরুল হক বিপ্লব লিখিত বার্তায় দাবি করেছেন, তদন্ত কমিটির হিসাব পদ্ধতি মাসওয়ারি হওয়ায় অসামঞ্জস্য তৈরি হয়েছে। তারা মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এনবিআরে আপিল করেছেন। অন্যদিকে, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। বর্তমানে তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কমিশনারেটকে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।