‘মব’ আতঙ্ক নাকি অফারের বিপত্তি: মগবাজারের নবীন ফ্যাশন ঘিরে বিতর্ক

0
২৪ মার্চ দোকান বন্ধের পর সংবাদ সম্মেলন করেছিলেন নবীন ফ্যাশনের মালিক এনামুল হাসান নবীন। পরে তিনি চীনে চলে যান।। ছবি: নবীন ফ্যাশনের ফেসবুক পেজ

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে অবস্থিত ‘নবীন ফ্যাশন’ নামের একটি পোশাকের দোকান বন্ধ ও তার মালিকের দেশত্যাগ নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। কম দামে পাঞ্জাবি বিক্রি এবং ‘বিস্ময়কর’ অফার দেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া বিশৃঙ্খলা শেষ পর্যন্ত আদালত ও পুলিশের তদন্ত কমিটি পর্যন্ত গড়িয়েছে। প্রতিষ্ঠানটির মালিক এনামুল হাসান নবীনের অভিযোগ, ব্যবসায়ী সিন্ডিকেটের হুমকি ও মব সৃষ্টির কারণে তিনি গত ২৪ মার্চ রাতে সপরিবারে চীন চলে যেতে বাধ্য হয়েছেন।

ঘটনার সূত্রপাত গত ২০ মার্চ। নবীন ফ্যাশন তাদের ফেসবুক পেজে ঘোষণা দেয়, ৯৯০ টাকার দুটি পাঞ্জাবি কিনলে আরও চারটি পাঞ্জাবি ফ্রি দেওয়া হবে এবং মোটরসাইকেল নিয়ে আসা ক্রেতাদের জন্য ইঞ্জিন অয়েলও থাকবে বিনা মূল্যে। এই অফারের লোভে কয়েকশ বাইকার ও সাধারণ ক্রেতা বিশাল সেন্টারের সামনে জড়ো হলে এলাকায় তীব্র যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেনের দাবি, পরিস্থিতি সামলাতে না পেরে এবং ক্রেতাদের তোপের মুখে পড়ে দোকান কর্তৃপক্ষই নিজেরাই শাটার বন্ধ করে দেয়। তবে নবীন ফ্যাশনের কর্মীদের দাবি, মালিক সমিতির নেতারা ও পুলিশ মিলে তাঁদের ওপর চাপ প্রয়োগ করে জোরপূর্বক দোকান বন্ধ করে দিয়েছে।
চীন যাওয়ার আগে এনামুল হাসান ফেসবুকে লেখেন, তিনি সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চান না, তাই দেশ ছাড়ছেন। বিষয়টি আদালতের নজরে এলে গত বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দোকানটি দ্রুত খুলে দেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে ডিএমপি একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা ও এএসআই আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে দোকানটি পুনরায় খুললেও ঘটনার প্রকৃত কারণ নিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।