সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

0
সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী ‘সংস্কার পরিষদ’ নামক কোনো কিছুর অস্তিত্ব নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৫ মার্চ ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রমে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরুর আগে সংসদ ভবন চত্বরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সাংবিধানিকভাবে আমাদের সামনে সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। বিষয়টি এখনো উচ্চ আদালতে বিচারাধীন। এটি যদি আইনে পরিণত হয় তখন দেখা যাবে।” তিনি আরও স্পষ্ট করেন যে, নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো সংস্কার পরিষদের নয়।

মন্ত্রী আরও জানান, যদি গণভোটের রায় অনুসারে কোনো কিছু ধারণ করতে হয়, তবে আগে সংবিধানের সংশোধনী আনতে হবে। সংসদে এ বিষয়ে বিস্তারিত আলাপ-আলোচনা হবে এবং সংবিধান সংশোধন হওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ যেমন—পরিষদ গঠন বা শপথ গ্রহণের বিষয়টি আসবে।

এছাড়া স্পিকার ও ডেপুটি স্পিকার নিরপেক্ষতা বজায় রাখতে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন বলেও তিনি সাংবাদিকদের অবহিত করেন।