রাইড শেয়ারিংয়ে ৫ লিটার তেলের বরাদ্দ; বিপিসির নতুন অফিস আদেশ

0
জ্বালানি তেলের ব্যবহার নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। রাইড শেয়ারিং চালকরা পাচ্ছেন বিশেষ অগ্রাধিকার।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় দেশে তেলের ব্যবহারে নতুন সীমা নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মহানগর এলাকায় রাইড শেয়ারিং সেবায় নিয়োজিত মোটরসাইকেলগুলো এখন থেকে দিনে সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রল সংগ্রহ করতে পারবে। এর আগে সাধারণ মোটরসাইকেলের জন্য এই সীমা ছিল মাত্র ২ লিটার বা ২০০ টাকার সমপরিমাণ তেল।

বিপিসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাইড শেয়ারিং মোটরসাইকেলের চালকদের তেল সংগ্রহের সময় অবশ্যই নিবন্ধন নম্বর ও অ্যাপের তথ্যাদি যাচাই করতে হবে। এছাড়া চালককে জ্বালানি ক্রয়ের রশিদ সংগ্রহ করতে হবে এবং পরবর্তীবার তেল নেওয়ার সময় আগের ক্রয়ের রশিদ জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সরকার স্পষ্ট করেছে যে, সংকটের অজুহাতে নির্ধারিত দামের চেয়ে বেশি রাখা আইনগত অপরাধ এবং দাম বাড়ানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

বিপিসির নতুন তালিকায় ব্যক্তিগত গাড়ির জন্য দৈনিক ১০ লিটার, এসইউভি ও মাইক্রোবাসের জন্য ২০ থেকে ২৫ লিটার এবং দূরপাল্লার বাস বা ট্রাকের জন্য ২০০ থেকে ২২০ লিটার ডিজেল বা তেলের সীমা নির্ধারণ করা হয়েছে। বিপিসি আশ্বস্ত করেছে যে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত আমদানির চালান দেশে আসছে এবং সারা দেশে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে তেল পাঠানো অব্যাহত রয়েছে। মূলত সরবরাহ চেইন দীর্ঘস্থায়ী করতেই এই সাময়িক রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে।