দপ্তরে পড়ে ছিল নারী শিক্ষকের নিথর দেহ, নিজ গলায় ছুরিকাঘাত করছিলেন কর্মচারী

0
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনাকে নিজ কক্ষে নৃশংসভাবে হত্যা। অভিযুক্ত কর্মচারীও নিজের গলায় ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিজ কার্যালয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা (৩৮)। বুধবার (৪ মার্চ) বিকেল চারটার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের ২২৬ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। এ সময় একই কক্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, যিনি নিজের গলায় ছুরিকাঘাত করছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিভাগে ইফতার মাহফিলের প্রস্তুতি চলাকালীন সভাপতির কক্ষ থেকে চিৎকার শুনে আনসার সদস্য ও শিক্ষার্থীরা দরজা ভেঙে ভেতরে ঢোকেন। সেখানে আসমা সাদিয়াকে নিথর অবস্থায় এবং কর্মচারী ফজলুরকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আসমা সাদিয়াকে মৃত ঘোষণা করেন। নিহতের মাথায় ও শরীরে একাধিক গুরুতর জখম রয়েছে। জানা গেছে, মজুরি বৃদ্ধি নিয়ে মাসখানেক আগে আসমা সাদিয়ার সঙ্গে চুক্তিভিত্তিক কর্মচারী ফজলুর রহমানের বাগ্‌বিতণ্ডা হয়েছিল, যার জেরে তাকে অন্য বিভাগে বদলি করা হয়। ধারণা করা হচ্ছে, সেই ক্ষোভ থেকেই এই নৃশংস হামলা। নিহত শিক্ষকের চার সন্তান রয়েছে, যাদের মধ্যে ছোটটির বয়স মাত্র এক বছর। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে এবং ঘটনার অধিকতর তদন্ত শুরু করেছে।