আদালত চালুর সিদ্ধান্ত ২৭ এপ্রিল পর্যন্ত স্থগিত

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ঘোষিত সাধারণ ছুটির মধ্যেই সীমিত পরিসরে আদালত চলার বিষয়ে সিদ্ধান্ত আগামী সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল রোববার (২৬ এপ্রিল) ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হব। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে শনিবার (২৫ এপ্রিল) জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয় নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাথে আলোচনা করতঃ এবং অন্যান্য বিজ্ঞ আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে অনিবার্য কারণবশত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২৩ এপ্রিল তারিখের বিজ্ঞপ্তির কার্যকারিতা আগামী ২৭ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হলো।
এছাড়া অধস্তন আদালতের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা জেলা আইনজীবী সমিতি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় বিবেচনা করে জেলা জজ ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম সপ্তাহে দুইদিন পরিচালনা সংক্রান্ত আদেশ দেয়া হয়েছিল। কিন্তু পরে ঢাকা জেলা আইনজীবী সমিতি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ সাধারণ বিজ্ঞ আইনজীবীরা বর্ণিত আদেশ পুনর্বিবেচনা করতঃ আদালতের কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ করেন। এরপর এ বিষয়ে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সাথে আলোচনা করেছেন। এমতাবস্থায়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক গত ২৩ এপ্রিল তারিখে বর্ণিত জেলা জজ ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম সপ্তাহে দুইদিন পরিচালনা সংক্রান্ত আদেশর কার্যকারিতা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হলো।

ভাগ