টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির অসুস্থ, অ্যাম্বুলেন্সে নেওয়া হলো হাসপাতালে

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাসপাতাল প্রাঙ্গণে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর একটি গাড়ি কড়া প্রহরায় অ্যাম্বুলেন্সটিকে হাসপাতালে পৌঁছে দেয়।

জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদ করার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বিস্তারিত পরে জানানো হবে।

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আগ মুহূর্তে বিপুল অর্থসহ জামায়াত নেতার আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।