ধানের শীষ জাতীয় ঐক্যের প্রতীক, ফলাফল না পাওয়া পর্যন্ত ভোটকেন্দ্র ছাড়ব না: শেখহাটিতে অনিন্দ্য ইসলাম অমিত

0
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি আদর্শ পাড়ায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।। ছবি: লোকসমাজ

মাসুদ রানা বাবু ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ধানের শীষ জাতীয় ঐক্যের প্রতীক। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র, মুক্তি যুদ্ধের চেতনা, সামাজিক সুরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি সর্বোপরি উন্নয়নের প্রতীক। দেশের সকল শ্রেণি পেশার মানুষ আজ ভালো ভাবে উপলব্ধি করেছে একমাত্র বিএনপির হাতে দেশ নিরাপদ। সে কারণে তারা ঐক্যবন্ধভাবে দেশের সর্বস্তরের মানুষ ধানের শীষের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন।

রোববার সকালে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে শেখহাটি আদর্শ পাড়ায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন। পথ সভার শুরুতে সকল ধর্মের নারী পুরুষ অনিন্দ্য ইসলাম অমিতকে শুভেচ্ছা ও ভালো বাসায় সিক্ত করেন। এ সময় তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের রক্ত দান এবং আত্মত্যাগের মাধ্যমে ভোট দানের সুযোগ এসেছে। নতুন করে কোন ভোটচোর, ডাকাত কিংবা ছিনতাইকারীর আবির্ভাব হলে আমরা সেটি প্রতিহত করবো। আমরা ভোট কেন্দ্র পাহারা দেব। নিজের ভোটের অধিকার নিশ্চিত করবো এবং ফলাফল বুঝে না পাওয়া পর্যন্ত ভোট কেন্দ্র ছেড়ে যাবো না।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এটি নির্বাচনের আগে জনগণের সাথে বিএনপির সামাজিক চুক্তি। বিএনপি সরকার গঠন করলে সেটি হবে রাষ্ট্রীয় চুক্তি। বিএনপি জনগণের সামনে যে অঙ্গীকার করেছে, নির্বাচিত হলে পুরোপুরি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ।

অনিন্দ্য ইসলাম অমিত দিনভর নওয়াপাড়া ইউনিয়নে গণসংযোগ করবেন।