যশোর মেডিকেলে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা অনিন্দ্য ইসলাম অমিতের; বালিয়াডাঙ্গায় জনতার ঢল

0
বৃহস্পতিবার সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় পথসভা শেষে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছেন ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।। ছবি: লোকসমাজ

মাসুদ রানা বাবু ॥ যশোরবাসীর দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন যশোর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী প্রচারণার শুরুতে এক পথসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমার পিতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণ করেছিলেন। কিন্তু বর্তমান চাহিদার তুলনায় তা অপর্যাপ্ত। আগামীতে সুযোগ পেলে আমি এই প্রতিষ্ঠানকে ৫০০ শয্যায় উন্নীত করবো ইনশাআল্লাহ।”

নির্বাচনী প্রচারণায় নামলে সর্বস্তরের নারী-পুরুষ তাকে ঘরের সন্তানের মতো বরণ করে নেন। শিশু-কিশোরদের পরিয়ে দেওয়া ফুলের মালায় সিক্ত অমিত আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পর ১২ ফেব্রুয়ারি ভোটের উৎসব হতে যাচ্ছে। এই লড়াইয়ে অসংখ্য নেতাকর্মী ত্যাগ স্বীকার করেছেন। নির্বাচিত হলে তিনি বিসিক শিল্প নগরীর জলাবদ্ধতা নিরসন এবং সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি চিরতরে নির্মূল করবেন। এ ক্ষেত্রে নিজ দল বা পরিবারের কেউ জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পথসভায় জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকনসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।