শার্শায় মাটি কাটার সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ, আহত ২ শ্রমিক

0
আহত দুই শ্রমিক।

বেনাপোল সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলায় মাটি কাটার সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শ্রামিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৫নং পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে এই ঘটনা ঘটে।

আহত জাকির সরদার (৪৫) বালুন্ডা উত্তরপাড়া গ্রামের বারিক সরদারের ছেলে এবং একই গ্রামের মৃত নুজ্জাক সরদারের ছেলে আব্দুল কাদের (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বালুন্ডা গ্রামের জনৈক গনি ঢালীর বাড়িতে কোদাল দিয়ে মাটি উত্তোলনের কাজ করছিলেন জাকির ও কাদের। মাটি কাটার একপর্যায়ে সেখানে পড়ে থাকা একটি পরিত্যক্ত ককটেলের ওপর কোদালের আঘাত লাগলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুই জনই গুরুতর জখম হন।

বিস্ফোরণের শব্দ শুনে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।