তরিকুল ইসলামের মতো সম্প্রীতির সমাজ চান কৈখালীর দীনবন্ধু; বাবার পথেই হাঁটার প্রতিশ্রুতি অনিন্দ্য ইসলাম অমিতের

0
বুধবার কৈখালী মোড়ে পথসভায় প্রবীণ শিক্ষক দীনবন্ধু মিত্রের দাবি শুনছেন যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।। ছবি: লোকসমাজ

মাসুদ রানা বাবু ॥ যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, “ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাসের ভিন্নতার কারণে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির ইতিহাস বিএনপির নেই। প্রতিটি ধর্ম সাম্য ও সম্প্রীতির কথা বলে, কিন্তু একটি রাজনৈতিক দল মানুষকে শোষণ করতে বিভক্তির রাজনীতি করছে।”

বুধবার সকালে কচুয়া ইউনিয়নের কৈখালী মোড়ে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। সভায় যশোর কলেজের সাবেক শিক্ষক দীনবন্ধু মিত্র আবেগঘন বক্তব্যে প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের স্মৃতি চারণ করেন। তিনি বলেন, “তরিকুল ইসলাম আমাদের ঘরে বিদ্যুৎ দিয়েছেন, ব্রিজ ও পোস্ট অফিস করে এলাকাকে পরিচিতি দিয়েছেন। সবচেয়ে বড় কথা, তিনি হিন্দু-মুসলিম নির্বিশেষে সম্প্রীতির অটুট বন্ধন তৈরি করেছিলেন। আমি অমিতের কাছে সেই সম্প্রীতিময় সমাজের পুনপ্রতিষ্ঠা চাই।”

জবাবে অনিন্দ্য ইসলাম অমিত শিক্ষক দীনবন্ধুর প্রত্যাশা পূরণের অঙ্গীকার করে বলেন, যারা নারীদের ঘরে আটকে রেখে উন্নয়নের গালগল্প শোনায় এবং মিথ্যাচার করে, তারা ধর্ম ও মানবতা থেকে যোজন যোজন দূরে। ধানের শীষ সামাজিক নিরাপত্তা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রতীক। আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ মানুষ ধানের শীষে ভোট দিয়ে সাম্প্রদায়িক অপশক্তির জবাব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।