দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ : তারেক রহমান

0
দীর্ঘ প্রতীক্ষা শেষে তারেক রহমানের আগমনে উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিলেট; মঞ্চে দাঁড়িয়ে কর্মীদের উৎসাহ দিচ্ছেন তিনি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ “দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়—সবার আগে বাংলাদেশ।” এই বজ্রকঠিন ঘোষণার মধ্য দিয়ে সিলেটে বিশাল নির্বাচনী জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এই সমাবেশে তিনি প্রধান অতিথির ভাষণ দেন। দীর্ঘ দেড় দশক পর নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তারেক রহমান দেশের মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক মর্যাদা পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন।

তারেক রহমান তাঁর বক্তব্যে বলেন, “আমরা বিশ্বাস করি দেশের মানুষই আমাদের রাজনৈতিক সব ক্ষমতার উৎস। সে জন্যই আমরা মানুষের ভাগ্যোন্নয়নে বিশ্বাস করি। আমরা শুধু স্লোগান বা মিছিলের রাজনীতি চাই না, বরং প্রতিটি মানুষকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চাই।” বিগত আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচনগুলোর কড়া সমালোচনা করে তিনি বলেন, “১৫-১৬ বছর ধরে আমরা দেখেছি কীভাবে ব্যালট বক্স ছিনতাই হয়েছে, কীভাবে আমি-ডামি ও নিশিরাতের নির্বাচন হয়েছে। উন্নয়নের নাম করে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।”

বক্তব্যের এক পর্যায়ে ধর্মীয় আবেগ ও বিশ্বাসের প্রসঙ্গ টেনে তিনি প্রতিপক্ষকে বিঁধে বলেন, “বেহেশত বা জান্নাতের মালিক একমাত্র আল্লাহ। যেটির মালিক মানুষ নয়, সেটি যদি কেউ দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তবে তা শিরক এবং মানুষকে নির্বাচনে জেতার আগে থেকেই ঠকানো।” তিনি উপস্থিত জনতাকে সতর্ক করে বলেন, যারা আগে থেকেই এমন মিথ্যাচার করছে, তারা জেতার পর মানুষকে কীভাবে ঠকাবে তা ভাববার বিষয়।

জনসভায় বারবার উঠে আসে গুম হওয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নাম। তারেক রহমান আবেগাপ্লুত কণ্ঠে ইলিয়াস আলীসহ সিলেট অঞ্চলের সকল গুম ও শহীদের ত্যাগের কথা স্মরণ করেন। মাঠের এক পাশে গুম হওয়া পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত আসন রাখা হয়েছিল।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে আরও ছয়টি বিশাল জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।