প্রতীক বরাদ্দ, যশোরে ভোটের মাঠে ১১টি দল ও ৪ স্বতন্ত্র প্রার্থী

0

বিশেষ প্রতিনিধি ॥ যশোরের ৬টি সংসদীয় আসনে চূড়ান্ত ৩৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উৎসবমুখর পরিবেশে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

প্রতীক বরাদ্দের মাধ্যমে যশোরে এখন পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু হলো। নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার কাজ পরিচালনার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মোট ৩৫ জন প্রার্থীর মধ্যে ধানের শীষ ৬ জন, দাঁড়িপাল্লা ৬ জন, লাঙ্গল ৫ জন, হাতপাখা ৬ জন এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা প্রতীক হিসেবে পেয়েছেন কাস্তে, মই, চশমা, টেলিভিশন, দেয়াল ঘড়ি, রকেট, ঈগল, মোটর সাইকেল, ফুটবল, ঘোড়া এবং কলস। নির্বাচনে মোট ১১টি নিবন্ধিত রাজনৈতিক দল ও ৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আসনভিত্তিক প্রার্থীদের তালিকা:
যশোর-১ (শার্শা): মো. নুরুজ্জামান লিটন (বিএনপি-ধানের শীষ), মোহাম্মদ আজিজুর রহমান (জামায়াত-দাঁড়িপাল্লা), মো. জাহাঙ্গীর আলম চঞ্চল (জাতীয় পার্টি-লাঙ্গল) ও বক্তিয়ার রহমান (ইসলামী আন্দোলন-হাতপাখা)।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা): মোছা. সাবিরা সুলতানা (বিএনপি-ধানের শীষ), মোহাম্মদ মোসলেহউদ্দীন ফরিদ (জামায়াত-দাঁড়িপাল্লা), মো. ইদ্রিস আলী (ইসলামী আন্দোলন-হাতপাখা), ইমরান খান (বাসদ-মই), শামসুল হক (বিএনএফ-টেলিভিশন), রিপন মাহমুদ (এবি পার্টি-ঈগল)।

স্বতন্ত্র প্রার্থী: মো. জহুরুল ইসলাম (ঘোড়া) এবং মেহেদী হাসান (ফুটবল)। (উল্লেখ্য, জহুরুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও আইনি জটিলতায় তার প্রার্থিতা বহাল রয়েছে।)

যশোর-৩ (সদর): অনিন্দ্য ইসলাম অমিত (বিএনপি-ধানের শীষ), মো. আব্দুল কাদের (জামায়াত-দাঁড়িপাল্লা), মুহাম্মদ শোয়াইব হোসেন (ইসলামী আন্দোলন-হাতপাখা), মো. খবির গাজী (জাতীয় পার্টি-লাঙ্গল), মো. নিজামুদ্দিন অমিত (জাগপা-চশমা) এবং মো. রাশেদ খান (সিপিবি-কাস্তে)।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর)∷ মতিয়ার রহমান ফারাজি (বিএনপি-ধানের শীষ), মোঃ গোলাম রসুল (জামায়াত-দাঁড়িপাল্লা), বায়েজীদ হোসাইন (ইসলামী আন্দোলন-হাতপাখা), মোঃ জহুরুল হক (জাতীয় পার্টি-লাঙ্গল), মাও. আশেক এলাহী (খেলাফত মজলিস-দেওয়াল ঘড়ি), সুকৃতি কুমার মণ্ডল (বিএমজেপি-রকেট) এবং স্বতন্ত্র প্রার্থী এম. নাজিম উদ্দীন-আল-আজাদ (মোটর সাইকেল)।

যশোর-৫ (মণিরামপুর): রশীদ আহমাদ (বিএনপি-ধানের শীষ), গাজী এনামুল হক (জামায়াত-দাঁড়িপাল্লা), এম. এ হালিম (জাতীয় পার্টি-লাঙ্গল), মো. জয়নাল আবেদীন (ইসলামী আন্দোলন-হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেন (কলস)।

যশোর-৬ (কেশবপুর) : মো. আবুল হোসেন আজাদ (বিএনপি-ধানের শীষ), মো. মোক্তার আলী (জামায়াত-দাঁড়িপাল্লা), জি. এম হাসান (জাতীয় পার্টি-লাঙ্গল), মো. শহিদুল ইসলাম (ইসলামী আন্দোলন-হাতপাখা) এবং মো. মাহমুদ হাসান (এবি পার্টি-ঈগল)।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিবসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।