সাবিরা সুলতানাকে সমর্থন দিয়ে ভোটের মাঠ ছাড়লেন জহুরুল ইসলাম

0
ছবি: লোকসমাজ।

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে স্বতন্ত্র প্রার্থীর লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন মো. জহুরুল ইসলাম। মঙ্গলবার রাতে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং চৌগাছা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে জহুরুল ইসলাম বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনীতির সাথে জড়িত এবং নানা রাজনৈতিক হামলা-মামলার শিকার হয়েছি। আমি দলের কাছে মনোনয়ন প্রত্যাশী ছিলাম, তবে দল সাবিরা সুলতানাকে মনোনয়ন দিয়েছে। দলের বৃহত্তর স্বার্থে এবং কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি ও আমার সমর্থকরা সাবিরা সুলতানার পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকব।’

নির্বাচনী জটিলতা নিয়ে তিনি আক্ষেপ করে বলেন, ‘আমি নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দিয়েছিলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তা তাতে সিল-স্বাক্ষরও করেছিলেন। কিন্তু রহস্যজনক কারণে পরক্ষণেই উপজেলা রিটার্নিং অফিসার সেটি কেটে দেন এবং জানান যে নির্বাচনী আইন অনুযায়ী এটি এখন আর গ্রহণ করা সম্ভব নয়। আমি জেলা রিটার্নিং অফিসারকে বিষয়টি জানালেও কোনো কাজ হয়নি।’

জহুরুল ইসলাম আরও স্পষ্ট করে বলেন, ‘আমি কোনোভাবেই নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক নই। ব্যালট পেপারে যাতে আমার নাম বা প্রতীক না থাকে, তা নিশ্চিত করতে প্রয়োজনে আমি উচ্চ আদালতের শরণাপন্ন হব।’