মাদারীপুরে বাসচাপায় নিহত বেড়ে ৭, ঢাকা-বরিশাল মহাসড়কে যানজট

0
মাদারীপুরের মস্তফাপুরে দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও খাদে পড়া বাস উদ্ধারে কাজ করছেন সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর মিলগেইট এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সার্বিক পরিবহনের একটি দ্রুতগামী বাস যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের চাপায় ইজিবাইকটি মুহূর্তেই দুমড়েমুচড়ে যায় এবং ঘাতক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং পরবর্তী উদ্ধার অভিযানে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে এখন পর্যন্ত তিনজনের পরিচয় শনাক্ত করা গেছে; তারা হলেন রুমান (১৮), পান্নু মুন্সি (৫০) এবং ইজিবাইক চালক সাগর বেপারী (২৫)। এই দুর্ঘটনায় আহত আরও অন্তত ১০ জনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার পর উদ্ধার অভিযান পরিচালনার জন্য মহাসড়কে প্রায় ৪ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এতে সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। হাড়কাঁপানো শীতে দীর্ঘ সময় আটকে থেকে দূরপাল্লার যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেনাবাহিনীর সদস্যরা দুমড়েমুচড়ে যাওয়া ইজিবাইক ও খাদে পড়া বাস উদ্ধারে কাজ করছেন। রাত সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছিল।