স্বৈরাচার সরকারের আমলে পিতৃহারা কন্যার আকুতিতে কাঁদলেন তারেক রহমানও

0
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম হওয়া পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় অশ্রুসিক্ত এক কন্যা ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ “বাবা ছাড়া জীবনটা অসম্পূর্ণ। ১৩ বছর ধরে বাবার ছবি হাতে নিয়ে দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু তাঁর মুখটা দেখতে পাইনি।”—রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক কিশোরী কন্যার এমন আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। বিগত স্বৈরাচারী সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় আজ শনিবার এক অসহ্য শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়।

সভায় ২০১৩ সালে গুম হওয়া সোহেল হোসেনের মেয়ে শাফা হোসেন এবং কায়সার হোসেনের কন্যা লামিয়া আক্তার মিম তাদের বাবাহীন জীবনের শূন্যতার কথা তুলে ধরে। তারা জানায়, ৫ আগস্টের পর দেশ স্বাধীন হলেও তাদের জীবনে স্বাধীনতা আসেনি, কারণ তাদের বাবারা এখনো নিখোঁজ। শাফা ও মিমের মতো আরও অনেক সন্তান ও মা তাঁদের না বলা গল্পগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

পডিয়ামে দাঁড়িয়ে সন্তানদের এই মর্মস্পর্শী হাহাকার স্পর্শ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও। ভার্চুয়ালি সভায় যুক্ত থাকলেও স্বজনদের বুকফাটা আর্তনাদ শুনে মঞ্চে উপস্থিত বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি তারেক রহমানকেও অশ্রু মুছতে দেখা যায়। তিনি ভুক্তভোগী প্রতিটি পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন এবং এই অমানবিক অপরাধের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।