শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

0
শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী: ১৯ ও ২০ জানুয়ারি বিএনপির ২ দিনের কর্মসূচি ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি অনুযায়ী, আগামী ১৯ জানুয়ারি সোমবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। রিজভী জানান, মাজার জিয়ারতের সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থেকে নেতা-কর্মীদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করবেন। একই দিন দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

পরদিন ২০ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরা অংশ নেবেন। রুহুল কবির রিজভী বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়ার আদর্শকে সমুন্নত রাখতেই আমাদের এই কর্মসূচি।’ কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি জেলা ও মহানগর পর্যায়েও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো দোয়া ও আলোচনা সভার আয়োজন করবে।