আপাতত আসছে না জাতিসংঘের দল; ভোটের অপেক্ষায় ঝুলে রইল এলডিসি ভাগ্য

0
জাতিসংঘের প্রতিনিধিদলের ঢাকা সফর স্থগিত; এলডিসি উত্তরণ নিয়ে অনিশ্চয়তা ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ প্রস্তুতি পর্যালোচনায় জাতিসংঘ প্রতিনিধিদলের পূর্বনির্ধারিত ঢাকা সফর স্থগিত করা হয়েছে। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার নেতৃত্বে এই প্রতিনিধিদলটির চলতি মাসেই ঢাকায় আসার কথা ছিল। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে বড় ধরনের কোনো সম্মেলন বা পর্যালোচনায় না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সফরটি স্থগিত করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে জানা গেছে, আগামী মাসে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর এই সফর অনুষ্ঠিত হতে পারে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী জানিয়েছেন, নির্বাচনের প্রস্তুতির কারণে আপাতত বড় পরিসরে পর্যালোচনার সুযোগ নেই। এদিকে, এলডিসি থেকে বের হলে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারানোর আশঙ্কায় উত্তরণ অন্তত তিন বছর পেছানোর দাবি জানিয়ে আসছে ১৬টি ব্যবসায়ী সংগঠন। ব্যবসায়ীদের দাবি, উচ্চ ব্যাংকঋণ, জ্বালানি সংকট ও অবকাঠামোগত ঘাটতি রেখে উত্তরণ ঘটলে রপ্তানি বাণিজ্য বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

বর্তমান লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশের এলডিসি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার কথা। তবে বর্তমান সরকার বলছে, উত্তরণ পেছানোর কোনো আবেদন তারা করবে না; নির্বাচিত সরকার চাইলে এ বিষয়ে জাতিসংঘে প্রস্তাব পাঠাতে পারে। সফর স্থগিত হলেও এলডিসি উত্তরণ নিয়ে জাতিসংঘের স্বাধীন প্রস্তুতিমূলক মূল্যায়ন প্রতিবেদনটি নির্ধারিত সময়েই বাংলাদেশে পাঠানো হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।