চাঁদাবাজির দ্বন্দ্বে রানা প্রতাপ খুন, চরমপন্থি সাদ্দাম আটক

0
সাদ্দাম মোড়ল (৩০)।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে চরমপন্থি নেতা রানা প্রতাপ বৈরাগী হত্যা মামলায় সাদ্দাম মোড়ল (৩০) নামে সন্দেহভাজন এক আসামিকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট থেকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশ বলছে, আটক সাদ্দাম মোড়ল চরমপন্থি সদস্য এবং ওই হত্যা মিশনে অংশ নিয়েছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মো. কামরুজ্জামান জানান, আটক সাদ্দাম মোড়ল খুলনার ফুলতলা উপজেলার পিপরাইল জামিরা গ্রামের নাজের মোড়লের ছেলে। তার বিরুদ্ধে ১টি হত্যাসহ ৪টি মামলা রয়েছে।

ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী জানান, তারা প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন ঘেরে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রানা প্রতাপ বৈরাগী খুন হরেছেন। রানা প্রতাপ বৈরাগী এককভাবে ওইসব এলাকা নিয়ন্ত্রণ ও ঘের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন। তার কারণে প্রতিপক্ষ চরমপন্থিরা ঘের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতে পারছিলেন না।

রানা প্রতাপ বৈরাগী হত্যাকাণ্ডে আটক সাদ্দাম হোসেন ভারতে আত্মগোপন করে থাকা আরেক চরমপন্থি নেতা দীপঙ্করের সহযোগী বলে তারা জানতে পেরেছেন। রানা প্রতাপ বৈরাগীর কারণে চাঁদাবাজি করতে না পারার কারণে দীপঙ্কর সহযোগীদের দিয়ে তাকে খুন করিয়েছেন কিনা তা ডিবি পুলিশ তদন্ত করে দেখছে।

গত ৫ জানুয়ারি সন্ধ্যায় কপালিয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন চরমপন্থি নেতা ও বরফকল মালিক রানা প্রতাপ বৈরাগী।

এ ঘটনায় নিহতের পিতা কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের বাসিন্দা তুষার কান্তি বৈরাগী অজ্ঞাতনামাদের আসামি করে মনিরামপুর থানায় মামলা করেন। মামলা দায়েরের পর ডিবি পুলিশ মিজানুর রহমান নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে।