মহেশপুর সীমান্তে ৩টি সোনার বারসহ পাচারকারী আটক

0
আটক, মাহাবুল হোসেন।

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে তিনটি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগরে গোয়ালপাড়া গ্রামের একটি ইটভাটার কাছ থেকে ওই সোনা উদ্ধার করা হয়।

৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি টহলদল ‘জাকাউল্লাহ ইটভাটা’র পাশে অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেল চালক মাহাবুল হোসেনের গতিরোধ করে তার দেহ তল্লাশি করে তিনটি সোনার বার পাওয়া যায়।

আটক মাহাবুল হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনিপুর গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য ৬৫ লাখ ৯৯ হাজার টাকা। সোনা ও জব্দকরা মোটরসাইকেলসহ মোট সিজার মূল্য ৬৭ লাখ ৪৪ হাজার ১২৫ টাকা। আটক আসামিকে জীবননগর থানায় এবং উদ্ধার করা সোনা চুয়াডাঙ্গার সরকারি কোষাগারে জমা করা হয়েছে।