ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন

0
ব্যালট পেপারের নিরাপত্তা এবং ভোটের পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকার বার্তা দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করেছে সরকার। ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা সাত দিন দেশজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে। বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিশেষ পরিপত্র জারি করেছে।

মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, ভোটের চার দিন আগে থেকে শুরু করে ভোটের দিন এবং পরবর্তী দুই দিন পর্যন্ত অর্থাৎ মোট ৭ দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে দায়িত্ব পালন করবে। এবারের পৌনে ১৩ কোটি ভোটারের নিরাপত্তা এবং ৩০০ আসনের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় মোট ৭ লাখের বেশি সদস্য নিয়োজিত থাকবেন। যার মধ্যে সবচেয়ে বড় অংশ হিসেবে ৫ লাখ ৫০ হাজার আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া সশস্ত্র বাহিনীর ৯০ হাজার সদস্যসহ পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরা নিরাপত্তার চাদর গড়ে তুলবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রতিটি ভোটকেন্দ্রে গুরুত্বভেদে ১৩ থেকে ১৮ জন নিরাপত্তা সদস্য মোতায়েন করা হবে। তফসিল ঘোষণার পর বিক্ষিপ্ত কিছু সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রিটার্নিং অফিসারদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর মাঠ পর্যায়ের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই দীর্ঘমেয়াদী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।