বিএনপিকে ভোট দিতে চায় ৭০ শতাংশ মানুষ: ইএএসডির জরিপ

0
রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল তুলে ধরেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে আগ্রহী বলে এক জনমত জরিপে উঠে এসেছে। একই জরিপে জামায়াতে ইসলামীর পক্ষে জনসমর্থন দেখানো হয়েছে ১৯ শতাংশ। বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জরিপ পরিচালনা করেন।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।

তিনি জানান, সারা দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সশরীরে ২০ হাজার ৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত এ জরিপ কার্যক্রম পরিচালিত হয়।

জরিপ প্রতিবেদনের ফলাফল তুলে ধরে শামীম হায়দার বলেন, আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন— এমন প্রশ্নের জবাবে ৭০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা বিএনপিকে ভোট দিতে চান। ১৯ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীর পক্ষে মত দিয়েছেন।

এছাড়া ২ দশমিক ৬ শতাংশ মানুষ এনসিপিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং ৫ শতাংশ অন্যান্য রাজনৈতিক দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। জরিপে অংশ নেওয়া ০ দশমিক ২ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা ভোট দেবেন না।

জরিপে আগামী নির্বাচনে কে বিজয়ী হবে—এমন প্রশ্নের উত্তরে ৭৪ শতাংশ উত্তরদাতা মনে করেন বিএনপি জয়ী হবে। ১৮ শতাংশের মতে জামায়াতে ইসলামী নির্বাচনে বিজয়ী হবে। এছাড়া ১ দশমিক ৭ শতাংশ মানুষ মনে করেন এনসিপি জয় পেতে পারে। জরিপে অংশ নেওয়া এক শতাংশের কিছু বেশি মানুষ জাতীয় পার্টির বিজয়ের সম্ভাবনার কথাও জানিয়েছেন।