দিল্লিতে বাংলাদেশ মিশনে রাজনাথ সিং; শোক বইয়ে খালেদা জিয়ার প্রতি ভারতের বিনম্র শ্রদ্ধা

0
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে রাখা শোক বইতে স্বাক্ষর করছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি এই মহীয়সী নেত্রীর স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

হাইকমিশনে রক্ষিত শোক বইতে রাজনাথ সিং লেখেন, “ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।” তিনি উল্লেখ করেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি কেবল একজন প্রভাবশালী নেত্রীই ছিলেন না, বরং দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

দিল্লির বাংলাদেশ মিশনে পৌঁছালে রাজনাথ সিংকে অভ্যর্থনা জানান হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। ভারতের কোনো শীর্ষ মন্ত্রীর সরাসরি হাইকমিশনে গিয়ে শোক প্রকাশকে এক ব্যতিক্রমী ও উচ্চপর্যায়ের কূটনৈতিক শিষ্টাচার হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এর আগে গতকাল বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা সফর করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ভারত সরকারের আনুষ্ঠানিক শোকবার্তা হস্তান্তর করেন। কূটনৈতিক মহলের মতে, ভারতের এই ধারাবাহিক উচ্চপর্যায়ের শোক প্রকাশ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং বিএনপির নেতৃত্বের প্রতি দিল্লির বিশেষ গুরুত্বারোপের ইঙ্গিত দিচ্ছে।