বাঘারপাড়া বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকীর ইন্তিকাল

অধ্যাপক নার্গিস বেগমসহ নেতৃবৃন্দের শোক

0
ছবি: আবু তাহের সিদ্দিকী।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দুপুরে খুলনা সিটি হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে বাঘারপাড়া উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্র জানায়, ৬১ বছর বয়সী আবু তাহের সিদ্দিকী মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র ছেলে অস্ট্রেলিয়ায় লেখাপড়া করেন। সেখান থেকে আসার পর নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আবু তাহের সিদ্দিকী দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। কয়েক বছর আগে তার উভয় কিডনি বিকল হয়ে পড়লে ভারতে উন্নত চিকিৎসার মাধ্যমে তার শরীরে কিডনি প্রতিস্থাপন করা হয়। চিকিৎসা শেষে তিনি অনেকটাই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছিলেন।

সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত খুলনা সিটি হসপিটালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

বিএনপি নেতা আবু তাহের সিদ্দিকী বাঘারপাড়া উপজেলার একজন অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। অল্প বয়সেই তিনি বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জীবদ্দশায় উপজেলা সংলগ্ন একটি ইউনিয়নে একাধিকবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে স্থানীয়রা জানান। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করা হচ্ছে।

বিএনপি নেতৃবৃন্দের শোক
বিএনপি নেতা আবু তাহের সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। অনুরূপ শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আবু তাহের সিদ্দিকী একজন ত্যাগী ও দূরদর্শী নেতা ছিলেন। তিনি দীর্ঘ সময় বিএনপির বিভিন্ন দায়িত্বে ছিলেন এবং স্থানীয় রাজনীতি ও জনগণের সেবা ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছেন।
নেতৃবৃন্দ বলেন, তিনি শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না, বরং মানুষের জন্য নিবেদিত ছিলেন।

জনগণের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো, উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন এবং দল ও এলাকার তরুণ নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

অনুরূপ শোক জানিয়েছেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ও শহিদুল বারী রবু, বাঘারপাড়া উপজেলার বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু।

আবু তাহের সিদ্দিকীর মৃত্যুতে শোক জানিয়েছে যশোর জেলা জামায়াত। জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলামসহ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।