বিএনপি জয়ী হলে জয় হবে জনগণের- অনিন্দ্য ইসলাম অমিত

0
ছবি: লোকসমাজ।

মাসুদ রানা বাবু ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে সেটি হবে জনগণের বিজয়। সেই সরকার বিএনপির নয়, সেটি হবে জনগণের সরকার। তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের জন্য আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে।

বিএনপির ইশতেহার কেবল ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সরকার গঠন করলে জনগণের জন্য প্রতিটি কর্মপরিকল্পনা বাস্তবায়ন হবে যার সুফল জনগণ ভোগ করবে ইনশা আল্লাহ।

শুক্রবার সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে গণসংযোগকালে এবং আরবপুর ইউনিয়নের নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন। এদিন সকাল থেকে তিনি হৈবতপুর ইউনিয়নের হাটবাজার, পাড়া-মহল্লা, সবখানে সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দীর্ঘ দেড় যুগের অপেক্ষা এবং সাধনার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষার এবং সাধনার ভোট নতুন করে কেউ যেন চুরি, ছিনতাই, ডাকাতি করতে না পারে তার জন্য সকাল থেকে ভোটকেন্দ্র পাহারা দেব। অতীতে আমাদের ভোট চুরি, ছিনতাই, ডাকাতি হয়েছে। নতুন করে কোনো ভোট চোর, ডাকাতের আবির্ভাব যেন না হয় তার জন্য ভোটকেন্দ্র পাহারা দেব।

চব্বিশের ৫ আগস্ট প্রশাসনিক শূন্যতার মাঝখানে যেভাবে আমার দলের নেতাকর্মীরা মানুষের জানমাল, ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ির সুরক্ষা দিয়েছে; ঠিক একইভাবে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার মধ্য দিয়ে জনগণের আমানতের সুরক্ষা নিশ্চিত করবে। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে ফলাফল বুঝে নেব।

তিনি বলেন, বহুল প্রতীক্ষিত ভোটের অধিকার আদায় করতে গিয়ে বিএনপির সাত শতাধিক নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। সাড়ে পাঁচ হাজারের অধিক নেতাকর্মী হত্যা এবং ৬০ লাখ নেতাকর্মী একাধিক মিথ্যা মামলার শিকার হয়েছেন। নিজের সুখ-স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে আমার রাজনৈতিক সহকর্মীদের ঈদ, পূজা কেটেছে কারাগারে। মিথ্যা মামলায় হাজিরা দিতে গিয়ে তাদের সপ্তাহের প্রতিটি দিন কেটেছে আদালতের বারান্দায়।

মানুষের ভোটের অধিকার আদায় করতে গিয়ে রক্তের নদী পাড়ি দিতে হয়েছে। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে আপনাদের ভোট (জনগণ) ছাড়াই জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিল। সেই কথিত জনপ্রতিনিধিরা আপনাদের এলাকার কোনো উন্নয়ন করেনি।

আমার পিতা তরিকুল ইসলামকে আপনারা যতবারই ভোট দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন, ততবারই তিনি আপনাদের এলাকার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করেছেন। আগামী দিনে আপনারা আমাকে সুযোগ দিলে নতুন করে আপনার এলাকার উন্নয়ন করব। আমার পিতার স্বপ্ন ছিল আপনাদের এলাকায় একটি বিশেষায়িত হিমাগার নির্মাণের। আমি আগামী দিনে আপনাদের জন্য হিমাগার নির্মাণ করব।

অনিন্দ্য ইসলাম অমিত হৈবতপুর ইউনিয়নের মথুরাপুর, কাউদিয়া, ভোগলপুর, ললিতাদাহ, ছোট হৈবতপুর এলাকায় গণসংযোগ করেন এবং পথসভায় বক্তব্য রাখেন। তার নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুজা, প্রাক্তন স্কুল শিক্ষক শামসুর রহমান, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, হৈবতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ।

পরে বিকেলে আরবপুর ইউনিয়নের মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম, কাজী আজম প্রমুখ। সভা পরিচালনা করেন আরবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান।