যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

0
শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ।

শনিবার (২৭ ডিসেম্বর) আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হাদির খুনিদের বিচার না করে কাউকেই ‘সেফ এক্সিট’ দেওয়া হবে না। পরিস্থিতি বিবেচনায় যেকোনো মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে তিনি জানান।

সমাবেশে আব্দুল্লাহ আল জাবের সরকারের উপদেষ্টাদের তীব্র সমালোচনা করে বলেন, ১ হাজার ৪০০ শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় এলেও তারা খুনিদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। যারা ভাবছেন দায় না মিটিয়ে বিদেশে পাড়ি জমাবেন, সেই স্বপ্ন সফল হবে না।

তিনি প্রশ্ন তোলেন, হাদি হত্যার বিচারে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে? নাম প্রকাশ করুন, জনতা আপনাদের পাহারা দেবে। কিন্তু বিচার করতে ব্যর্থ হলে আপনাদের জবাবদিহি করতে হবে।

বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে হাদির খুনি ও নেপথ্যের পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবিতে মুহুর্মুহু স্লোগান দেন। ইনকিলাব মঞ্চ স্পষ্ট জানিয়েছে, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। এই আন্দোলনকে শহীদদের রক্তের সাথে বেইমানি ঠেকানোর লড়াই হিসেবে দেখছেন ছাত্র-জনতা।