জিগাতলায় ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
জিগাতলায় ছাত্রী হোস্টেলে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার, নেপথ্যে সাইবার বুলিংয়ের অভিযোগ ।। প্রতীকী ছবি

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমির (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে হোস্টেলের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। জান্নাত আরার বাড়ি নওগাঁর পত্নীতলায়।

হাজারীবাগ থানা পুলিশ জানায়, জান্নাত আরা ওই হোস্টেলের একটি কক্ষে একা থাকতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে ভেতর থেকে ছিটকিনি লাগানো কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির রহস্যজনক মৃত্যু: ‘এটা আত্মহত্যা নয় খুন’, দাবি তারেক রেজার।

দলের পক্ষ থেকে খুনের অভিযোগ: জান্নাত আরার মৃত্যুকে কেবল ‘আত্মহত্যা’ হিসেবে মানতে নারাজ এনসিপি। দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা এক ফেসবুক পোস্টে দাবি করেছেন, এটি মূলত একটি ‘পরিকল্পিত খুন’। তাঁর দাবি, গত মাসে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের এক কর্মীকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর থেকেই জান্নাত আরাকে লক্ষ্য করে সাইবার বুলিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছিল।

তারেক রেজা তাঁর পোস্টে উল্লেখ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডারদের ক্রমাগত মানসিক নির্যাতন ও হুমকির মুখে জান্নাত আরা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।