মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা— হাদি প্রসঙ্গে সিইসি

0
নির্বাচনের সময় এমন ঘটনা নতুন কিছু নয় কিবরিয়া, আহসানুল্লাহ মাস্টারের উদাহরণ টেনে সিইসি || ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যেকোনো ধরনের সংশয় ও দুশ্চিন্তা দূর করার আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গে সিইসি বলেন, “আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়। হাদির একটা ঘটনা হয়েছে। আমরা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি।” হেসে তিনি আরও যোগ করেন, এই ধরনের ঘটনা নতুন কিছু নয় এবং অতীতের আহসানুল্লাহ মাস্টার বা কিবরিয়া সাহেবের খুনের ঘটনার উদাহরণ টেনে তিনি দেখান, নির্বাচনের সময় এমন ঘটনা বাংলাদেশে আগেও ঘটেছে।

তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক উন্নতির কথা উল্লেখ করে বলেন, “আপনারা ৫ই আগস্ট ২৪-এর সঙ্গে তুলনা করুন। এখন রাত্রে ঘুমাইতে পারেন… এখন তো অনেক উন্নতি হয়েছে, ইনশাআল্লাহ।”

সিইসি জানান, নির্বাচন কমিশন গতকালই আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। তিনি আশ্বস্ত করেন, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ প্রস্তুত।

শেষে তিনি বলেন, “ইনশাআল্লাহ নিশ্চিন্ত থাকেন। নির্বাচন সঠিক সময়ে, সঠিকভাবে—একটা সুষ্ঠ, সুন্দর, প্রতিযোগিতামূলক নির্বাচন—ইনশাআল্লাহ আমরা দেখতে পাব। যে ওয়াদা আমরা জাতিকে দিয়েছি, সেই ওয়াদা পরিপালনে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।”