৩২ ঘণ্টা পর নলকূপের গভীর গর্তে নিখোঁজ শিশু সাজিদকে উদ্ধার

0
তানোর ট্র্যাজেডি: দীর্ঘ ১৬ ঘণ্টা পেরিয়ে রাতে নলকূপের গর্তে নিখোঁজ শিশু সাজিদের উদ্ধার ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে দীর্ঘ ৩২ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে শিশুটিকে মাটির নিচে প্রায় ৪০ ফুট গভীর থেকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা জুবায়ের ইত্তেফাক ডিজিটালকে সাজিদকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটি জীবিত নাকি মৃত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে উদ্ধারের পরপরই দ্রুত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

দীর্ঘ ৩২ ঘণ্টার অভিযান: গতকাল বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে নলকূপের গভীর গর্তে পড়ে গিয়েছিল সাজিদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করে। তাদের সঙ্গে অভিযানে অংশ নেয় স্থানীয় পুলিশ ও সেনাবাহিনী।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হয়। বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে স্কেভেটর দিয়ে মূল গর্তের পাশে সমান্তরালভাবে খনন শুরু হয়। শিশুটিকে বাঁচিয়ে রাখতে গর্তের ভেতরে নিয়মিত অক্সিজেন সরবরাহ করা হয়েছিল। সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে প্রায় ৪২ ফুট মাটি খোঁড়ার তথ্য জানানো হয়। অবশেষে দীর্ঘ চেষ্টার পর রাতে সাজিদকে উদ্ধার করা সম্ভব হয়।

গর্ত সৃষ্টির কারণ: স্থানীয়রা জানান, ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়ায় গ্রামের একজন বাসিন্দা পানির স্তর পরীক্ষা করতে গর্তটি খনন করেছিলেন। সেটি ভরাট করা হলেও বৃষ্টিতে মাটি বসে যাওয়ায় গর্তটি আবার খুলে যায়। বুধবার দুপুরে শিশুটির মা রুনা খাতুন যখন মাঠে ধানের খড় নিতে যান, তখন সাজিদ খেলতে গিয়ে গর্তের পাইপের ভেতরে পড়ে যায়।