যশোরে ডিবির অভিযানে পাঁচটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গাঁজা উদ্ধার

0
ডিবির অভিযানে ধরা লিটন গাজী, মিলল বিদেশি আগ্নেয়াস্ত্র ও গাঁজা - লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ৪নং নওপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) রাত আনুমানিক পৌনে একটার দিকে পরিচালিত এ অভিযানে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি ও প্রায় সাড়ে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

ডিবির এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে এসআই বাবলা ও এএসআই নির্মল দাসের সমন্বয়ে গঠিত একটি দল অভিযানে অংশ নেয়।

অভিযানে লিটন গাজীর বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার শয়নকক্ষের বিশেষভাবে লুকানো স্থান থেকে অস্ত্র ও মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ধৃত লিটন গাজী (৩৮) মধুগ্রাম গ্রামের নূর ইসলাম গাজীর ছেলে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডিবি সূত্রে আরও জানা গেছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো কোথা থেকে আনা হয়েছে এবং এগুলোর সঙ্গে অন্য কোনো চক্র জড়িত আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।