লিমনের পর বৃষ্টিরও খণ্ডিত মরদেহ উদ্ধার; ফ্লোরিডার জোড়া হত্যাকাণ্ডে স্তব্ধ প্রবাসী বাংলাদেশিরা

0
নিহত নাহিদা সুলতানা বৃষ্টি, যিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছিলেন।। ছবি: সংগৃহীত

দীর্ঘ উদ্বেগ ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক মৃত্যুর খবর নিশ্চিত করেছে মার্কিন পুলিশ। নিখোঁজ হওয়ার কয়েকদিন পর নাহিদা নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে শনিবার (২৫ এপ্রিল) সকালে তার ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেন।

মার্কিন তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে নিহতের ভাই জানান, গ্রেপ্তারকৃত সন্দেহভাজন ব্যক্তির বাসার ভেতর রক্তের মাঝে পাওয়া মানবদেহের একটি অংশের ডিএনএ পরীক্ষার পর নাহিদার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে তার শরীরের পূর্ণাঙ্গ অংশ উদ্ধার করা সম্ভব হবে কি না, সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। এর আগে গত ১৬ এপ্রিল লিমনের টাম্পার বাসা থেকে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল।

এই একই ঘটনায় এর আগে নিখোঁজ হওয়া অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনেরও ক্ষতবিক্ষত মরদেহ ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে উদ্ধার করে হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয়। দুই শিক্ষার্থীর এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট হিশাম সালেহ আবুগারবিয়েহ নামক এক মার্কিন নাগরিককে পুলিশ গ্রেপ্তার করেছে। নাহিদা বৃষ্টি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। এর আগে তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী ছিলেন। এই জোড়া হত্যাকাণ্ডের নেপথ্য কারণ উদঘাটনে মার্কিন প্রশাসন কঠোর তদন্ত চালিয়ে যাচ্ছে।