মাগুরার সাবেক এমপি শিখরের ভাই চুয়াডাঙ্গায় গ্রেফতার

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিশামকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গার পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, তাদের থানার একটি দল সোমবার ভোর ৫টার দিকে স্থানীয় রেলস্টেশন থেকে আশরাফুজ্জামানকে গ্রেফতার করে। গ্রেফতার ৪৫ বছর বয়সী আশরাফুজ্জামানের বাড়ি মাগুরা সদর উপজেলার সৈয়দ আতর আলী সড়কে।

ওসি খালেদুর রহমান বলেন, “আশরাফুজ্জামান দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে রেলস্টেশনে অবস্থান করছেন খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে একটি তালাবদ্ধ ব্যাগসহ তাকে গ্রেফতার করে থানায় আনা হয়।”

আশরাফুজ্জামানের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাহিসহ অন্তত পাঁচটি মামলার তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছে বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, মাগুরা সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আশরাফুজ্জামানের ব্যাগের তালা খুলে দেখা হবে।

মাগুরা সদর থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, গত বছরের অগাস্টের ৪ ও ৫ তারিখে পাঁচটি নাশকার ঘটনায় আশরাফুজ্জামান হিশামের বিরুদ্ধে মামলা তাদের থানায় মামলা হয়েছে। আশরাফুজ্জামানের গ্রেফতারের খবর পেয়ে তারা চুয়াডাঙ্গায় পৌঁছেছেন।