কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহিষাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষের তালা ভেঙে গুরুত্বপূর্ণ জিনিস চুরি হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটতে পারে বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়টির সহকারী শিক্ষিকা গীতা রানী জানান, রোববার সকালে আমি বিদ্যালয়ে এসে দেখি বিদ্যালয় ভবনের গ্রিলের তালা ভাঙা। পরে সকল শিক্ষকরা একসাথে ভবনে প্রবেশ করে দেখি আলমারি খোলা ও সেখানে থাকা অনেক মালামাল এলোমেলোভাবে পড়ে আছে। পরে খেয়াল করি, বিদ্যালয়ের প্রজেক্টর, ল্যাপটপ, প্রিন্টার, মাইক সেট, তিনটি পিতলের ঘন্টা, প্রেসার কুকার, প্রাথমিক চিকিৎসা বক্স, ইন্টারনেট মডেম ও পেনড্রাইভ চুরি গেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.মাসুদুর রহমান জানান, একের পর এক প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটছে। আর এসব ঘটনায় থানা পুলিশে অভিযোগ দায়ের করেও কোনো প্রতিকার মিলছে না।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।