কালীগঞ্জে ২টি গাঁজার গাছসহ আটক- ১

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের কালীগঞ্জে বিশাল আকৃতির দুটি গাঁজার গাছসহ এক গাঁজা চাষিকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার সকাল ১১ টার দিকে শহরের আড়পাড়া (নদীপাড়া) হাবিবুর রহমান হবির ছেলে আলমগীর হোসেনের (৪৫) বসতবাড়িতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। আটক আলমগীর হোসেন তার বাড়িতে গোপনে দুটি গাঁজার গাছ রোপণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল এসআই তকিবুরের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৩ ফুট লম্বা দুটি গাঁজার গাছসহ তাকে আটক করে। উদ্ধার হওয়া গাঁজা গাছের ওজন ৭ কেজি।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শহরের আড়পাড়া (নদীপাড়া) এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেনের বাড়ি থেকে ১৩ ফুট লম্বা দুটি গাঁজা গাছ উদ্ধার ও তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।