মাগুরায় কৃষি উদ্যোক্তার ৪ টি ফ্রিজিয়ান গরু চুরি

0

স্টাফ রিপোর্টার ॥ মাগুরা সদর উপজেলার রাউতড়া গ্রামে নাসির হোসেন নামে এক কৃষি উদ্যোক্তার বাড়ি থেকে প্রায় ৯ লাখ টাকা দামের ৪টি ফ্রিজিয়ান জাতের গরু চুরি হয়েছে। শনিবার দিবাগত রাত ১টা ৫৭ মিনিট থেকে পৌনে তিনটার মধ্যে এ চুরির ঘটনা ঘটে।

কৃষি উদ্যোক্তা নাসির হোসেন ও তার পিতা জামির হোসেন মোল্যা জানান, শনিবার দিবাগত গভীর রাতে চোরচক্র তাদের বাড়ির প্রতিটা ঘরের বাইরে থেকে ছিটকিনি আটকে দুইটি ঘোয়াল ঘর থেকে ৪ টি গরু চুরি করে নিয়ে যায়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় রাত ৩ টার দিকে দরজা খুলে গোয়াল ঘরে গিয়ে দেখতে পান গরুগুলো নেই। এ ব্যাপারে নাসির হোসেন সদর থানায় মামলা করেছেন। ৪টি গরুই উন্নত ফ্রিজিয়ান জাতের।

তারা জানান, শনিবার দিবাগত রাত ১টা ৫৭ মিনিট থেকে পৌনে তিনটার মধ্যে এ চুরির ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, একটি শক্তিশালী চক্র এ ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটিয়েছে। এর আগে চলতি সপ্তাহের মধ্যে নাসির হোসেনের বাড়ির আশপাশের ৬টি কুকুর পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে হত্যা করে চক্রটি।

সর্বশেষ শনিবার রাতে নির্বিঘ্নে তারা এ চুরির ঘটনা ঘটায়। বিষয়টি নিয়ে রোববার দুপুরে নাসির হোসেন মাগুরা পুলিশ সুপারের সাথে দেখা করেন। এ সময় পুলিশ সুপার বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে জানান।
নাসির হোসেন একজন তরুণ কৃষি উদ্যোক্তা। তার ৪০ একর জমিতে ফল বাগানসহ বাড়িতে গরুর খামার রয়েছে।

এলাকাবাসীরা জানান, গত এক বছরে রাউতড়া,আলমখালী, সাইত্রিশ, সাচানিসহ বিভিন্ন গ্রাম থেকে অর্ধশতাধিক গরু চুরি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত পুলিশ প্রশাসন চুরি যাওয়া কোন গরু উদ্ধার করতে পারেনি। এ কারণে জেলার বিভিন্ন গ্রামে নির্ঘুম রাত কাটাচ্ছেন অনেক গ্রামবাসী।

এ ব্যাপারে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী বলেন, জেলায় আইনশৃঙ্খলা ঠিক রাখতে পুলিশ সদস্যরা দিনরাত মাঠে কাজ করছে। গরু চুরির ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। চোর চক্রকে গ্রেফতার করতে পুলিশ ইতোমধ্যে কাজ করেছে।

তিনি বলেন, আশা করা যায় অল্প সময়ের মধ্যে চোর চক্রকে গ্রেফতর করা যাবে।