ঝুমঝুমপুরে কুখ্যাত সন্ত্রাসী জাভেদ সদলবলে ফিরে আসায় আতঙ্ক

0

স্টাফ রিপোর্টার ॥ স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর জনরোষের ভয়ে পালিয়ে গিয়েছিলেন যশোর শহরতলীর ঝুমঝুমপুরের নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কুখ্যাত সন্ত্রাসী জাভেদ। কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে প্রায় ৮ মাস পর সদলবলে এলাকায় ফিরে এসেছেন ওই সন্ত্রাসী। শুধু তাই নয়, মোটরসাইকেলে সহযোগী সন্ত্রাসীদের বহর নিয়ে এলাকার একটি মসজিদে আয়োজিত এক ইফতার মাহফিলেও গিয়েছিলেন। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে ক্ষোভের পাশাপাশি আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইফতারিতে অংশ নেওয়ার জন্য এলাকাবাসী মসজিদ কমিটির কর্মকর্তাদের দুষছেন। পুলিশ বলছে, তারা এ ধরনের কোনো ঘটনা জানে না।

এলাকাবাসীর অভিযোগ, ঝুমঝুমপুরে চান কসাইয়ের ছেলে জাভেদ একজন কুখ্যাত সন্ত্রাসী এবং চাঁদাবাজ। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা। আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসন আমলে সন্ত্রাসী জাভেদ ছিলেন মূর্তিমান আতঙ্ক। এলাকায় বেশুমার চাঁদাবাজি করেছেন। হত্যাসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর সন্ত্রাসী জাভেদ সহযোগীসহ পালিয়ে গিয়েছিলেন। কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে মাঝে মধ্যে নিজ এলাকা ঝুমঝুমপুরে আসছেন সন্ত্রাসী জাভেদ ও তার সহযোগীরা।

সহযোগীদের সাথে মোটরসাইকেলে এলাকায় ঘোরাফেরা করছেন। সর্বশেষ গত ২৪ মার্চ ঝুমঝুমপুরের বায়তুল আমান জামে মসজিদে আয়োজিত ইফতার মাহফিলে সন্ত্রাসী জাভেদ এবং তার সহযোগী চায়না রাজু, সবুজ, চয়ন, ছোট মনি, রোমান্স ও নাসিরকে অংশ নিতে দেখা গেছে। মোটরসাইকেলের বহর নিয়ে ইফতার মাহফিলে যান সন্ত্রাসী জাভেদ। মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদেরকে ইফতারে অংশ নেওয়ার জন্য দাওয়াত দিয়েছিলেন বলে স্থানীয়দের অভিযোগ।

অভিযোগ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি বদিউজ্জমান জানান, মসজিদ ও মাদ্রাসা তারা পরিচালনার দায়িত্বে আছেন। জাভেদের এক ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে। এ কারণে অভিভাবক হিসেবে মসজিদে ইফতার তিনি দাওয়াত পেয়েছিলেন।

কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান,সন্ত্রাসী জাভেদ এলাকায় আসছেন এ তথ্য তাদের জানা নেই। খোঁজ নিয়ে তারা পদক্ষেপ নিবেন।