সকলকে সাথে নিয়ে যশোরকে নতুনভাবে গড়তে চাই : অনিন্দ্য ইসলাম অমিত

পূজা উদযাপন পরিষদের সাথে মত বিনিময়কালে

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনি অঙ্গীকার ও প্রতিশ্রুতি শতভাগ নিষ্ঠা, সততা এবং আন্তরিকতার সাথে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেছেন যশোর-৩ ( সদর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, যশোর সকল ধর্ম মত-পথের মানুষের। আমি সকলকে সাথে নিয়ে যশোরকে নতুনভাবে গড়তে চাই।

গতকাল শনিবার সন্ধ্যায় জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। লালদীঘির পাড়স্থ হরিসভা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ধানের শীষ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রতীক। আমি সে কারণে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে আমাকে নির্বাচিত করার পাশাপাশি আপনাদের এলাকা নিজের মতো করে গড়ে তোলার সুযোগ নিজের হাতে তুলে নিতে বলেছিলাম।

আপনারা আমাকে সেই সুযোগ প্রদান করায় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকল সংকট থেকে উত্তরণের জন্য আমি সকলকে ধর্মীয় পরিচয়ের উর্ধ্বে উঠে নিজেকে মানুষ এবং বাংলাদেশি ভাবতে বলেছিলাম।

আমি যে অঙ্গীকারগুলো করেছি তা আমার স্মরণে আছে। আমি সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করবো। যশোরকে নতুনভাবে গড়ার কাজে আপনারাও আমার সহযাত্রী হবেন। সকলে সাথে নিয়ে এক সাথে পথ চলবো।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার আহ্বায়ক অ্যাড. দেবাশীষ দাস, সদস্য সচিব নির্মল কুমার বিট, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।