কালিয়ায় সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ৮, অস্ত্র ও গুলিসহ আটক ২

0

সুলতান মাহমুদ,নড়াইল ॥ নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ অন্তত আটজন। গতকাল শনিবার সকালে উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত হাসিম মোল্লা (৩৮) সিলিমপুর গ্রামের তোতা মোল্লার ছেলে।

সংঘর্ষের খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একটি ওয়ানশ্যুটারগান ও ১৮ রাউন্ড গুলিসহ সিরাজ মোল্লা (৪৪) ও আজিজার রহমান শেখ (৫৫) নামে দুই ব্যক্তিকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে শুক্রবার বিকেলে হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের ঠাণ্ডু মোল্লার সমর্থক ব্যবসায়ী রউফ মোল্লাকে গাজিরহাট বাজার থেকে লাঞ্ছিত করে ।

এ ঘটনার প্রতিশোধ নিতে শনিবার সকাল ১০টার দিকে সিলিমপুর গ্রামে ঠাণ্ডু মোল্লার সমর্থক লোকজন প্রতিপক্ষ জনি মোল্লার লোকজনের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তারা জনি মোল্লার সমর্থক ৫-৬জনকে কুপিয়ে আহত করে। হামলা পরবর্তী সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুইজন পুলিশ সদস্যসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। হামলার ঘটনায় জনি মোল্লা গ্রুপের সমর্থক ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হাসিম মোল্লা দুপুরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অন্য আহতরা হলেন আব্দুল কাদের মোল্লা (৬০), আশিক (২০), পনি (৩০), জনি মোল্লা (৩৬) এবং পুলিশ সদস্য সজল ও চন্দন। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান আরও জানান,ওই এলাকায় অতিরিক্ত পুলিশসহ সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অস্ত্র উদ্ধার ও নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।