পরকীয়ার জেরে কালীগঞ্জের যুবক যশোরে এসে আগুনে পুড়লেন

0

কালিগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা॥ পরকীয়ার জেরে ঝিনাইদহের কালীগঞ্জের কাঁঠালবাগান নামক স্থানে গনি সাইকেল স্টোরের মালিক ওসমান গনির ছেলে আহসানুল ইসলাম অর্কিড (৩২) যশোরে এসে আগুনো দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার সকাল ৭ টার দিকে যশোর শহরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে এ ঘটনা ঘটে।

যশোরে প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে তারা বটতলা মসজিদের কাছে তবির বাড়ির সামনে মোটরসাইকেলে বসা এক যুবকের সাথে এক নারীকে কথা বলতে দেখছিলেন। হঠাৎ দেখতে পান মোটরসাইকেলে বসা অবস্থায় ওই যুবকের শরীরে আগুন জ্বলছে এবং নারীটি সেখানে নেই। তারা সেখানে গিয়ে যুবকের শরীরের আগুন নেভান। এসময় সেখানে একটি বোতল পড়ে থাকতে দেখেন। বোতলে অকটেন ছিল। তাদের ধারনা যুবক নিজের শরীরে অকটেন ঢেলে আগুন দিয়েছেন।

এদিকে অর্কিডের পরিবারের অভিযোগ, কালীগঞ্জ কাঁঠালবাগান এলাকার মনিরুজ্জামানের স্ত্রী তারিন খাতুনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন অর্কিড। গত এক মাস আগে অর্কিড তারিনকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। এরপর থেকে অর্কিড ও তারিন পলাতক ছিলেন। অর্কিড ও তারিন আগেই বিবাহিত। তাদের দুজনেরই দুটি করে সন্তান আছে বলে জানা গেছে।

গতকাল মীমাংসার কথা বলে অর্কিডকে যশোরে ডাকেন তারিন। এ সময় তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অর্কিড ভিডিও রেকর্ডিংয়ে জানান ।

পরে স্থানীয়রা অর্কিডের স্বজনদের খবর দিলে তারা গিয়ে তাকে উদ্ধার করে ভয়ে যশোরের কোন হাসপাতালে চিকিৎসা না করিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা সংকটাপূর্ণ হওয়ায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি ।

অর্কিডের পরিবারিক সূত্রে জানা গেছে, তার অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন তার শ্বাসনালির ৮০ শতাংশ পুড়ে গেছে।