ফ্যাসিস্টমুক্ত যশোরে বিএনপির প্রথম সমাবেশ : প্রধান অতিথি মির্জা ফখরুল

0

মাসুদ রানা বাবু ॥ ফ্যাসিবাদ মুক্ত আবহে আগামী মঙ্গলবার যশোর জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা তিন টায় টাউন হল ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। সমাবেশকে সামনে রেখে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে। জেলা জুড়ে চলছে প্রচারপত্র বিলি ও প্রচার মিছিল।

দলীয় নেতাকর্মীরা বলছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত পরিবেশে যশোর জেলা বিএনপির এটি হবে প্রথম সমাবেশ। তারা বলছেন সমাবেশকে ঘিরে জেলা জুড়ে সাজ সাজ রব বইছে। সর্বত্র দলীয় নেতা-কর্মীরা দারুণভাবে উজ্জীবিত। গতকালও বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান বলেন, ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশটি যশোরের ইতিহাসে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৭ বছর বিএনপির জনগণের ভোট ও ভাতের অধিকারের জন্য আন্দোলন করেছে। এখানে কোন দল ক্ষমতায় যাবে এটা বড় কথা নয়। জনগণের রায়ে একটি সরকার ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করুক। যাতে করে দেশের গণতন্ত্র টেকসই থাকে। সেই প্রত্যাশা নিয়ে আমাদের এই সমাবেশ। জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সর্বস্তরের দলীয় নেতাকর্মীরা সমাবেশ সফলে প্রস্তুতি সভা করছেন। সেখানে দলীয় নেতাকর্মীদের সাথে সাধারণ মানুষের অংশ গ্রহণ বেড়েছে।

তিনি বলেন যশোরবাসীর গর্ব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। তার প্রতি কেবল দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষের অন্য রকম এক আবেগ ও অনুভুতি আছে। সেই নেতার নিজের জেলায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিতি পরিবর্তের মহাসমাবেশে রূপ নেবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল বলেন, জনদাবি নিয়ে বিএনপি সমাবেশে আহ্বান করেছে। বিগত ১৭ বছর বিএনপির নেতৃত্বে জনগণের ভোটাধিকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দ্রব্যমুল্যা নিয়ন্ত্রণে রাখাসহ বিভিন্ন দাবি নিয়ে লড়াই করেছি। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি এবং আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। সমাবেশকে ঘিরে দলীয় নেতাকর্মীরা দারুণভাবে উজ্জীবিত।

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, ১৮ তারিখে জেলা বিএনপির সমাবেশ আমার উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আগে কোন রাজনৈতিক কর্মসূচি হলে আমার উপজেলা থেকে দিক নির্দেশনা প্রদান করতাম। সমাবেশ সফলে তারাই প্রস্তুতি নিয়ে আমাদের জানাচ্ছে। এ থেকে বোঝা দলীয় নেতাকর্মীদের মাঝে সমাবেশ কেমন সাড়া ফেলেছে।

জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর বলেন, বিগত দিনে ফ্যাসিস্টের রক্ত চক্ষু উপেক্ষা এবং প্রশাসনের সর্বোচ্চ প্রতিবন্ধকতা পেছনে ফেলে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের পাশাপাশি বিভিন্ন সভা সমাবেশ করেছি। মাফিয়া হাসিনার পতনের এই উন্মুক্ত বাতাসে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে ঘিরে আমার ইউনিটের প্রতিটি নেতাকর্মী দারুণ ভাবে উজ্জীবীত। পূর্বের যেকোন সমাবেশের চেয়ে এই সমাবেশে আমাদের প্রস্তুতি অনেক ভালো। সমাবেশে ছাত্রদল তার সর্বোচ্চ সংখ্যাক নেতাকর্মীকে সাথে নিয়ে উপস্থিত হবে।

এদিকে সমাবেশ সফলে গতকাল রোববার জেলা মহিলা দল শহরের আর এন রোডে প্রচারপত্র বিলি ও গণসংযোগ করে। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দল জেলা বিএনপি কার্যালয় থেকে প্রচার মিছিল বের করে।

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) জানান, আগামীকাল ১৮ ফেব্রুয়ারি যশোর শহরে জেলা বিএনপির সমাবেশ সফলে রোববার অভয়নগর থানার চলিশিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পায়রা বাজারে লিফলেট বিতরণ, প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সহসভাপতি জসিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চলিশিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, শহিদুল ইসলাম, কামাল হোসেন, শেখ আসাদুজ্জামান আসাদ, মাহামুদ কবির,ফরিদা বেগম, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব, ইউসুফ আলি, রাজু আহমেদ, তরিকুল ইসলাম বাবলু, তরফদার নাজির উদ্দিন, জসিমউদদীন সরদার, মেহেদী হোসেন বিশ্বাস, জাহাঙ্গীর তরফদার, আব্বাস মোল্লা, হাদিউজ্জামান তরফদার, মইন উদ্দিন তরফদার, তরফদার বাসির উদ্দিন, কামাল হোসেন প্রমুখ।
বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা জানান, আগামীকাল ১৮ ফেব্রুয়ারি যশোর জেলা বিএনপির সমাবেশ সফলে বাঘারপাড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ব্র্যাক মোড়ের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক একলাস হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লাভলুর রহমান, সদস্য সচিব সৌখিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সুহুদ, মাজাহারুল ইসলাম খোকন, যুবদল নেতা সেলিম রেজা প্রমুখ।