মনিরামপুরে মুফতি ওয়াক্কাস ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ

0

মজনুর রহমান,মনিরামপুর (যশোর) ॥ আর্ত মানবতার সেবায় নিরন্তর ছুটে চলেছেন যশোরের মনিরামপুরের মুফতি ওয়াক্কাস ফাউন্ডেশনের একঝাঁক যুবক। ২০২১ সালে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি ওয়াক্কাসের মুত্যুর পর তার ছেলে রশিদ বিন ওয়াক্কাসের পরিচালনায় ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় ফাউন্ডেশনটি। এরপর থেকে আর্ত মানবতার সেবা করে যাচ্ছে তারা। মনিরামপুরের গন্ডি পেরিয়ে সিলেট, সুনামগঞ্জ,নোয়াখালি, ফেনী, লক্ষিপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকায় মানুষের পাশে গিয়ে সহযোগিতার হাত প্রসারিত করেছে ফাউন্ডেশনের একঝাঁক যুবক। সর্বশেষ সোমবার মনিরামপুরের অসহায় ২৪ নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ইতোমধ্যে ওয়াক্কাস ফাউন্ডেশনের কর্মকান্ড এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
মুফতি ওয়াক্কাস ফাউন্ডেশনের চেয়ারম্যান জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাদানিনগর মাদ্রাসার মুহতামিম মাওলানা রশিদ বিন ওয়াক্কাস জানান, তার পিতা জমিয়তে উলামায়ে ইসলামের সাবেক মহাসচিব ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি ওয়াক্কাসের মৃত্যুর পর ২০২২ সালে ফাউন্ডেশনটি প্রতিষ্টিত হয়। এরপর থেকে মনিরামপুরে ভবদহ বন্যাকবিলত এলাকাসহ বিভিন্ন প্রান্তের অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতার হাত প্রসারিত করা হয়েছে। শুধু তাই নয়, ফাউন্ডেশনের পক্ষ থেকে চলমান রয়েছে শিক্ষার্থীদের জন্যে বৃত্তির ব্যবস্থা।
ওয়াক্কাস ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রকল্পের আওয়তায় এলাকার ২৪ জন অসহায় নারীকে সোমবার বিনামূলে প্রদান করা হয়েছে সেলাই মেশিন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। ফাউন্ডেশনের চেয়ারম্যান রশিদ বিন ওয়ক্কাসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক বাবুল আকতার ও মুফতি আবু বক্কার সিদ্দিকীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী, প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, সমবায় অফিসার তারিকুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার মৌসুমি সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়াক্কাস ফাউন্ডেশনের অন্যতম সদস্য মুফতি আশফাকুল আনওয়ার ইয়ামিন, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আবদুল আজিজ, সাধারণ সম্পাদক প্রকৌশলী আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, হাসান আল মামুন, তাকওয়া ফাউন্ডেশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসিম খান, মাহমুদুল হাসান, সামছুজ্জামান প্রমুখ।