তালায় পুত্র ও পুত্রবধূর মারধরে আহত মায়ের মৃত্যু

0

সেলিম হায়দার,তালা (সাতক্ষীরা) ॥ তালায় পুত্র ও পুত্রবধূর মারধরে আহত মা ছবিজান বেগমের (৮০) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দোহার গ্রামের মৃত আলীমুদ্দি খাঁর স্ত্রী। বুধবার ভোরে নিজ বাড়িতে ছবিজান বেগম মারা যান।
মৃতার পুত্র বিল্লাল খাঁ জানান, ভিটাবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন মেঝ ভাই কাশেম আলী খাঁ’র (৪৫) সাথে তাদের বিরোধ চলছিল। তিনি বাড়ি থেকে বাইরে বের হবার পথ বেড়া দিয়ে প্রায় সাত মাস ঘিরে রাখেন। স্থানীয় জনপ্রতিনিধিরা কয়েকবার সালিশ করেও মীমাংসা করতে পারেনি। বিল্লাল বলেন, ‘গত ১১ নভেম্বর দুপুরে আমি বাড়ি হতে বের হওয়ার সময় ভাই কাশেম আলী আমাকে মারধর করেন। এ সময় মা আমাকে বাঁচাতে এগিয়ে আসলে তিনি ও তার স্ত্রী রোজিনা বেগম মাকেও মারধর করে আহত করে। পরে মাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করি। পরবর্তীতে মায়ের শারীরিক আবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসকরা জানান, এই রোগীর চিকিৎসা করাতে হলে ঢাকায় নিতে হবে। অর্থাভাবের কারণে ঢাকায় না নিয়ে বাড়িতে চিকিৎসা করাচ্ছিলাম। বুধবার ভোররাতে বাড়িতে তার মৃত্যু হয়।’
এর আগে মারধরের ঘটনায় তালা থানায় বিল্লাল খাঁ তার ভাই কাশেম আলী খাঁ, তার স্ত্রী রোজিনা বেগম ও মুকুলকে আসামি করে মামলা দায়ের করেন। অভিযুক্ত সবাই বাড়ি ছেড়ে পালিয়েছেন।
এ ঘটনায় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, মামলার প্রেক্ষিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।