চুয়াডাঙ্গায় টাকার লোভে মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যা, আটক ৩ জনের স্বীকারোক্তি

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা।। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি মেহেগনি গাছের বাগানে তুষার আহম্মেদ সবুজকে (২২) তার মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যার ঘটনায় ‍তিন জনকে আটক করেছে পুলিশ। তারা টাকার লোভে পুরানো মোটরসাইকেল ব্যবসায়ী সবুজকে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

আটক তিন জন হচ্ছে- আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড পাড়ার সাহাদ আলীর ছেলে সাগর আলী (২২), একই উপজেলার বকশিপুর গ্রামের লাল্টু মিয়ার ছেলে নাজমুল হক পাপ্পু (২৮) ও সদর উপজেলার কুতুবপুর গ্রামের মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে আলমডাঙ্গা খাদ্য গুদামের নৈশ প্রহরী জহুরুল ইসলাম (৪৬)। কাছ থেকে ১টি মোটরসাইকেল ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আলমডাঙ্গা থানার উপ-পুলিশ পরিদর্শক কাজী শামসুল আলম জানান,  সাগরকে গত বৃহম্পতিবার ভোর সাড়ে ৫টার সময় ও পাপ্পুকে ওই দিন রাত পৌনে ১টার সময় তার বাড়ি থেকে এবং জহুরুলকে ওই দিন ভোর পৌনে ৬টার সময় খাদ্য গুদামের সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাগর হত্যার দায় স্বীকার করে ফৌজদারী ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন শুক্রবার (১৫ নভেম্বর) সংবাদ সম্মেলনে জানান, নিহত সবুজ পুরান মোটরসাইকেলের ব্যবসা করতেন। সে কারনণ তার কাছে নগদ টাকা থাকতো। ওই টাকা নেওয়ার জন্যই হত্যাকারীরা তাকে কৌশলে ঘটনাস্থলে ডেকে নিয়ে যায় এবং তাকে হত্যা করে। ঘটনাটি অন্যখাতে প্রবাহিত করার জন্য মরদেহের ওপর মোটসাইকেল রেখে আগুন জ্বালিয়ে দেয়।
আলমডাঙ্গা থানায় অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান,বাদেমাজু গ্রামের পাহাড়পাড়ার তুষার আহম্মেদ সবুজ নিহত হওয়ার পর গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তার বাবা জয়নুল আবেদীন বাদীয় হয়ে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা করেছেন।

নিহত সবুজ – ফাইল ফটো

উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ নভেম্বর) আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু পাহাড়পাড়ার তুষার আহম্মেদ সবুজ সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন বুধবার (১৩ নভেম্বর) ওই উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি মেহেগনি গাছের বাগানে পোড়া মোটরসাইকেলসহ সবুজের লাখ দেখতে পান গ্রামবাসী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।