লোহাগড়ায় উপজেলা ও পৌর বিএনপির নির্বাচন অনুষ্ঠিত

0

সুলতান মাহমুদ,নড়াইল ॥ নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর
২টা পর্যন্ত লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বিরতিহীনভাবে কাউন্সিলদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আব্দুল হক ও অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সভাপতি পদে আহাদুজ্জামান বাটু (চশমা প্রতীক), সাধারণ সম্পাদক পদে কাজী সুলতানুজ্জামান সেলিম (ছাতা প্রতীক), সাংগঠনিক সম্পাদক পদে শাহ আলম (টিউবওয়েল প্রতীক) নির্বাচিত হয়েছেন। এছাড়া পৌর বিএনপির সভাপতি পদে মিলু শরিফ (দোয়াত কলম প্রতীক), সাধারণ সম্পাদক পদে মশিয়ার রহমান সান্টু (মোমবাতি প্রতীক), সাংগঠনিক সম্পাদক পদে এসএ সাইফুল্লাহ মামুন (মাছ প্রতীক) নির্বাচিত হয়েছেন। উপজেলা বিএনপির ৮৫২
জন কাউন্সিলরের মধ্যে ৮০৬ জন এবং পৌর বিএনপির ৪৫৯ জন কাউন্সিলরের
মধ্যে ৪১৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘ ১৫ বছর পর লোহাগড়া বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা ছিলেন উজ্জীবিত। উৎসবমুখর পরিবেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নেতা নির্বাচিত করায় দলীয় নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা যায়। নির্বাচন পর্যবেক্ষণ করেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুু,নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম।