বেনাপোলের ত্রি-হত্যা মামলায় 8 ভাইসহ  পাঁচ জনের যাবজ্জীবন

0
স্টাফ রিপোর্টার ॥ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর গ্রামের বুদো সরকার, আব্দুল্লাহ ও ইসহাক হত্যা মামলায় চার ভাইসহ ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রোববার যশোরে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।  বিষয়টি নিশ্চিত করেছেন পিপি অ্যাড. এম ইদ্রিস আলী।
সাজাপ্রাপ্তরা হলেন- রঘুনাথপুর গ্রামের আব্দুর রহমানের ৪ ছেলে নাসির উদ্দিন নাসু, ফুলছদ্দিন ওরফে কটা, আলাউদ্দিন ও গিয়াস উদ্দিন এবং আব্দুল হামিদের ছেলে ঈমান আলী। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাজাপ্রাপ্ত ৪ ভাইয়ের পিতা আব্দুর রহমানকে খালাসের আদেশ দিয়েছেন আদালত।
মামলা সুত্রে জানা যায়, ২০১৫ সালের ২৩ এপ্রিল রাতে রঘুনাথপুরে ব্যাপক ঝড় হলে রাস্তার বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পড়ে। ওই গাছ বিক্রি করে টাকা এলাকার মসজিদে দেওয়ার বিষয়ে  নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। ২৪ এপ্রিল সকালে গাছের ডাল কাটতে আসেন এক পক্ষের নাসির উদ্দিন নাসু ও আলাউদ্দিনসহ আরো কয়েকজন। এ সময় আব্দুল্লাহ ও বুদোসহ মসজিদ ফান্ডে টাকা জমা দেওয়ার পক্ষের লোকজন তাদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি হয় এবং পরে তা সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল্লাহ, বুদো, আজগার, ইসহাক ও সুমনসহ আরও কয়েকজন গুরুতর জখম হন। এরপর স্বজনরা তাদের উদ্ধার করে হাসতাপালে নেওয়ার পথে মারা যায় আব্দুল্লাহ। পরে অন্যদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান বুদো। এরপর সেখান থেকে ইসহাককে ঢাকায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইসহাক। এ ঘটনায় নিহত আব্দুল্লার ভাই আব্দুল খালেক ৬ জনকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।
ওই মামলায় আসামি নাসির উদ্দিন নাসু, ফুলছদ্দিন ওরফে কটা, আলাউদ্দিন, গিয়াস উদ্দিন ও ঈমান আলীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাদেরকে উল্লিখিত সাজা প্রদান করেন। রায় ঘোষনণার সময় দুই আসামি আলাউদ্দিন ও গিয়াস উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।