সাতক্ষীরায় পরকীয়া অভিযোগে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, আটক ২

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরায় পরকীয়া প্রেমের অভিযোগে গৃহবধূ ও তার কথিত প্রেমিককে পিটিয়ে, মাথা ও ভ্রুর চুল কেটে, গৃহবধূর সারা শরীরে গরম তেল ঢেলে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। শনিবার শহরের রাজারবাগান ঋষিপাড়ায় এ ঘটনা ঘটে। আটকে রেখে তাদের উপর নির্যাতন চালান গৃহবধূর স্বামী ও তার স্বজনরা।
খবর পেয়ে শনিবার বিকেলে পুলিশ ওই গৃহবধূসহ দুইজনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ভিকটিম সাথীর স্বামী রাব্বি ও শ্বশুর আব্দুল বারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
বুধহাটা গ্রামের সাজ্জাদ হোসেন জানান, তার মেয়ে রুকাইয়া ইয়াসমিন সাথীর আড়াই বছর আগে সাতক্ষীরা শহরের রাজারাবাগান ঋষিপাড়ার আব্দুল বারীর ছেলে নয়ন হাসান রাব্বির সাথে বিয়ে হয়। দুই মাস আগে একটি ছেলের সঙ্গে মোবাইলে কথা বলা ও তার সাথে অনৈতিক সম্পর্ক থাকায় রাব্বি তার মেয়ে রুকাইয়া ইয়াসমিন সাথীকে মারপিট করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়।
এক পর্যায়ে ১০দিন আগে রাব্বি স্ত্রী সাথীকে নিয়ে বাড়িতে আসে। পূর্বের ঘটনার জের ধরে জামাতা রাব্বি, তার বাবা আব্দুল বারিসহ কয়েকজন বারান্দায় বসে থাকা তার মেয়ে সাথী ও তাদেরই পরিচিত এক যুবককে ঘরের মধ্যে আটকে রেখে নির্যাতনের পর মাথা ন্যাড়া ও দুই চোখের ভ্রুর চুল কেটে দেয়। পরে তার সর্বাঙ্গে গরম তেল ঢেলে দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত সাথীসহ দু’জনের উপর এ নির্যাতন চালানো হলেও শ্বশুর বাড়ির লোকজনের হিংস্রতার মুখে স্থানীয়রা তাদের উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ জানানোর পর বিকাল সাড়ে তিনটার দিকে সদর থানার পুলিশ যেয়ে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে শনিবার সন্ধ্যায় খুলনা ৫০০ শয্যা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ আবীর হোসেন জানান, সাথীর শরীরের বিভিন্ন স্থানে গরম তেল জাতীয় পদার্থ দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে। অপর ভিকটিম মোহাম্মদ হাবিবুল্লার মাথায় ও পায়ে ভারি জিনিস দিয়ে আঘাত করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম জানান, রুকাইয়া ইয়াসমিন ও হাবিবুল্লাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগে রাব্বি ও তার বাবা আব্দুল বারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় রুকাইয়া ইয়াসমিনের বাবা সাজ্জাদ হোসেন বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।