দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিএনপির গণসংযোগ ও প্রচারপত্র বিলি অব্যাহত

0

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির ডাকে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে যশোর শহরে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।  সোমবার দুপুরে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে শহরে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। শহরের দড়াটানা এলাকার হাসপাতাল মোড় থেকে কর্মসূচি শুরু হয়ে ঘোপ সেন্ট্রাল রোড হয়ে শেষ হয়।
এদিন যশোর নগর বিএনপি শহরের বিভিন্ন সড়কে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করে। যশোর জেলা স্বেচ্ছাসেবকদল শহরের বিভিন্ন সড়কে প্রচারপত্র বিলি করে। সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপি ঝুমঝুমপুর এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করে। রামনগর ইউনিয়ন বিএনপি পৃথকভাবে ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করে।

মনিরামপুর উপজেলা সদরে জেলা বিএনপির সদস্য মো. মুছা দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে বিভিন্ন সড়ক ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রচারপত্র বিলি করেন। চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দল উপজেলা সদরের বিভিন্ন সড়কে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে প্রচারপত্র বিলি করে। ডামি নির্বাচন বন্ধে বাঘারপাড়ায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ অব্যাহত রয়েছে। সোমবার উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের ঘুনিরঘাট বাজারের এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক টিএস আইয়ূব। এসময় সাথে ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মনা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ূর রহমান, পৌর সাংগঠনিক সম্পাদক হাবিব, যুবদল নেতা মোহাম্মদ আলী, হাবিবুল্লাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ হোসেন প্রমুখ। এরআগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার যশোর-খুলনা ছাড়াও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যান্য জেলা ও উপজেলা সদরের দলীয় নেতা-কর্মীরা কর্মসূচি পালন করেন। এদিন খুলনা মহানগর বিএনপি মহানগরীর ২৭ নং ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করে।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা জেলা সদরের বিভিন্ন সড়কে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। ঝিনাইদহের শৈলকুপার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ হোসেনের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ ত্রিবেনী ইউনিয়নে প্রচারপত্র বিতরণ করেন। এছাড়া বিচারের নামে অবিচার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করার দাবিতে সপ্তাহব্যাপী আদালত বর্জন কর্মসূচি শুরু করেছে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট। সোমবার সকাল থেকে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন আইনজীবীরা। সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তারা আদালত চত্বরে বিভিন্ন গ্রাম থেকে আসা বিচার প্রার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড এস এম মশিয়ূর রহমান। এ সময় সিনিয়র আইনজীবী অ্যাড দবির হোসেন, অ্যাড শামিছুজ্জামান লাকি, অ্যাড আব্দুর রশিদ, অ্যাড জাহাঙ্গীর আলম, অ্যাড জিয়াউল ইসলাম ফিরোজ, অ্যাড সরদার মিল্টন ও অ্যাড রিয়াজ উদ্দীনসহ বিএনপি জামায়াপšী’ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ জেলা সদরের বড় বাজারে, চুয়াডাঙ্গার সদর ও জীবননগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন পৃথকভাবে উপজেলা সদরে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করে।