জিকে সেচ প্রকল্পের ব্রিজ ভেঙে এলাকাবাসী চরম দুর্ভোগে

0

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপায় জিকে সেচ প্রকল্পের ব্রিজ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে রয়েছেন ৩০ গ্রামের মানুষ। দীর্ঘ ৫ মাস ব্রিজ ভেঙে থাকলেও সংস্কার করা হচ্ছে না। সংশ্লিষ্ঠ কর্মকর্তারা বলছেন দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।
শৈলকুপা উপজেলার চরপাড়া গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ব্রিজটি দীর্ঘদিন ভেঙে পড়ে আছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার মানুষের। চরপাড়া, সাধুহাটি, নাগপাড়া, হরিহরাসহ প্রায় ৩০ গ্রামের মানুষ দৈনন্দিন প্রয়োজনে জিকে সেচ খালের ব্রিজটি পার হয়ে যেতে হয় খুলুমবাড়িয়া বাজারে। যে বাজারে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র, ব্যাংক, কৃষকের পণ্য বিক্রি জন্য নিয়মিত যাতায়াত করতে হয়। শুধু তাই নয়, কৃষি কাজও ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দা সজিবুল ইসলাম সজিব জানান, ব্রিজটি ভেঙে যাওয়ায় প্রায় ৫ কিলোমিটার ঘুরে বাজারসহ বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে আমাদের এলাকার মানুষদের। এতে করে দুর্ভোগের পাশাপাশি যাতায়াত করতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। তাই দ্রুত ব্রিজটি সংস্কার করে দুর্ভোগ লাঘবের দাবি জানাচ্ছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।
স্থানীয় খুলুমবাড়িয়া বাজারে ব্যবসায়ী শিহাব উদ্দিন জানান, দীর্ঘ ৫ মাস ব্রিজ ভেঙে থাকায় প্রায় ৩০ গ্রামের মানুষ দৈনন্দিন প্রয়োজনে ইচ্ছা থাকলেও নিয়মিত বাজারে আসতে না পারায় আমাদের বাজারের ব্যবসায় বিরাট ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
উপজেলার হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু জানান, এলাকার মানুষ চরম দুর্ভোগে আছে বলে বাঁশের সাঁকো দিয়ে আপাতত চলাচলের ব্যবস্থা করা হয়েছে। পানি উন্নয় বোর্ডের কর্মকর্তাদের জানিয়েও কোনো কাজ হচ্ছে না। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান বললেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সংস্কারের জন্য বরাদ্দ প্রেরণ করা হয়েছে। যদি বরাদ্দ আসে তাহলে কাজ শুরু করা সম্ভব। ষাটের দশকে শৈলকুপা উপজেলার চরপাড়া গ্রামের মানুষের চলাচলের কথা চিন্তা করে জিকে সেচ প্রকল্পের আওতায় ব্রিজটি নির্মাণ করা হয়। ঝিনাইদহ জেলা ছাড়াও কুষ্টিয়া ও রাজবাড়ি জেলার মানুষের চলাচলের সহজ মাধ্যম এই ব্রিজটি।