ঢাকার প্যারাগন পোল্ট্রির দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা মামলা

0

 

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার প্যারাগন পোল্ট্রি লিমিটেডের দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার যশোরের আদালতে মামলা হয়েছে। শহরের মণিহার এলাকার এফএম এন্টারপ্রাইজের মালিক জাহিদুল ইসলাম মামলাটি করেছেন। তিনি বেজপাড়ার বাসিন্দা। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি পুলিশকে নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন, ঢাকার প্যারাগন পোল্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আমিনুর রহমান। মামলায় উল্লেখ করা হয়েছে, ঢাকার কাফরুল থানার পূর্ব কাজীপাড়ায় বাদি জাহিদুল ইসলামের একটি শাখা অফিস আছে। তিনি আসামিদের প্রতিষ্ঠান থেকে ডিলারশিপ নিয়ে দীর্ঘদিন ধরে যশোরে ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসার সুবিধার্থে তিনি প্যারাগন পোল্ট্রি লিমিটেড থেকে ডিম কেনার জন্যে অনেক সময় অগ্রিম টাকা পরিশোধ করতেন। এ ধারাবাহিকতায় ২০২১ সালের ২৯ জুলাই তিনি ডিম কেনার জন্য ইসলামী ব্যাংকের মিরপুর কাজীপাড়া শাখা থেকে ওই প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা দেন। কিন্তু প্রতিষ্ঠান থেকে তাকে ডিম সরবরাহ করা হয়নি। পরে যোগাযোগ করা হলে টাকা প্রাপ্তির কথা অস্বীকার করে কর্তৃপক্ষ। এ ঘটনায় বনানী থানায় জিডি করা হলেও কোনো সুফল পাননি জাহিদুল ইসলাম। ফলে নিরুপায় হয়ে তিনি যশোরের আদালতে এই মামলাটি করেছেন।