সিডর দিবসে নদী শাসনের দাবিতে শরণখোলায় মানববন্ধন

0

শরণখোলা(বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের শরণখোলায় নদী শাসনের দাবিতে মানববন্ধন করেছে সিডরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শরণখোলার সাউথখালীর মানুষ। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে নদী শাসন আন্দোলন কমিটির ব্যানারে গাবতলা বেড়িবাঁধের ওপর অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় তিনশ মানুষ অংশ নেন। এসময় বক্তারা নদী শাসন না করে বেড়িবাঁধ নির্মাণ করায় সংশ্লিষ্টদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং অতি দ্রুত নদী শাসন করে নব নির্মিত বাঁধ রক্ষার দাবি জানান । পরে ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় শরণখোলার সাউথখালী ইউনিয়ন। বলেশ্বর নদের পাশে অবস্থানের কারণে শুধু সাউথখালীতে ৭ শতাধিক মানুষের মৃত্যু হয়। এছাড়া শতভাগ ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ভাঙ্গা বেড়িবাঁধের কারণে ওই ইউনিয়নটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল সবচেয়ে বেশি। এ কারণে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচারের মাধ্যমে সাউথখালী নামটি সারা বিশ্বে পরিচিতি পেয়ে যায়। এ সময় সিডর পরবর্তী শরণখোলাবাসীর দাবি ছিল “ত্রাণ চাই না মোরা টেকসই বেড়িবাঁধ চাই”। কিন্তু সিডরের ১৫ বছর পর সরকার তিনশ কোটি টাকা ব্যয়ে ৬২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মিত হলেও নদী শাসন না করায় সে বাঁধও এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এছাড়া পাউবোর বিশেজ্ঞ দল পরিদর্শন করে নদী শাসনের আশ্বাস দিলেও এর কোন বাস্তবায়ন না দেখে তারা আন্দোলনে নেমেছেন।মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, সাংবাদিক নজরুল ইসলাম আকন, শিক্ষক শহিদুল ইসলাম, যুবলীগ নেতা ইমরান হোসেন রাজিব, পলাশ মাহমুদ, ইউপি সদস্য জাকির হোসেন হাওলাদার, রিয়াদুল পঞ্চায়েত, আলামিন খান, হালিম শাহ, প্রমুখ।